
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত,০১/০৭/২০২৬ : তিন দিনের ভারত সফরের জন্যে আজ টোকিও থেকে নতুন দিল্লীর উদ্দেশ্যে রওনা হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আর কিছুক্ষনের মধ্যেই তিনি ভারতে পৌঁছে যাবেন। নতুন দিল্লীতে তাঁকে স্বাগত জানাতে ভারত ও জাপানের দূতাবাস বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
জাপান ভারতের বন্ধু দেশ হিসেবে সর্বজনবিদিত। জাপানের প্রধানমন্ত্রীর তিন দিনের এই ভারত সফর এবং তার সাথে ভারত-জাপান ১৬তম অ্যানুয়াল সম্মেলন দুই দেশের বন্ধুত্ব এবং পারস্পরিক নির্ভরশীলতাকে আরও সুদৃঢ় করে তুলবে এমনটাই আশা করছে দুই দেশ। ১ তারিখ থেকে ৩ তারিখ পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ম্যাডাম তাকাইচির সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেকগুলি বৈঠক ও কর্মসূচী রয়েছে। ভারতের সাথে জাপানের এই বার্ষিক আলোচনার টেবিলে কি বিশেষ কোনো আলোচনা উঠে আসতে চলেছে ?

দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে আলোচনায় উঠে আসতে পারে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলি। আলোচিত হতে চলেছে দুই দেশের যোগাযোগ বিষয়ক পরিকল্পনা নিয়ে। সমুদ্রপথে দুই দেশের সহযোগিতা ও নিরাপত্তা নিয়েও আলোচনা হবে বৈঠকে। দুই দেশের সেনা শক্তি নিয়ে ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে। উত্তর পূর্ব ভারত ও বঙ্গোপসাগরকে বাণিজ্যের কেন্দ্র করে তোলা বিষয়টিও উঠবে আলোচনার টেবিলে। ভারতের সাথে ১৬তম অ্যানুয়াল সামিটে জাপানের তরফ থেকেও কিছু নতুন প্রস্তাব আসতে পারে বলে মনে করা হচ্ছে। যা হয়ত দুই দেশের জন্যেই আগামীদিনে মঙ্গলজনক হয়ে উঠতে পারে।
ভারতের এই মুহূর্তে যে এজেন্ডাগুলি আছে, তার মধ্যে অন্যতম হল, উত্তর পূর্ব ভারতকে এমন একটা জায়গায় প্রতিষ্ঠা করা, যাতে কলকাতা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ এবং সর্ব বৃহৎ বাণিজ্যকেন্দ্রে পরিণত হতে পারে। আর সেটা করতে হলে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরকে ঠিকমত ব্যবহার করতে জানতে হবে। এমনকি চীন বা জাপান সাগরেও নিয়ন্ত্রণ রাখতে হবে। এক্ষেত্রে ভৌগলিক অবস্থানের বিচারে জাপানের সমর্থন ভারতের কাছে অত্যন্ত জরুরি। তাই বাণিজ্যিক এবং সেনা শক্তি দুই দিক থেকেই দুই দেশ গাঁটবন্ধন তৈরী করতে চাইছে। এতে দুই দেশেরই লাভ হবে বলে মনে করছে দুই দেশ। আবার অর্থনীতি, কূটনৈতিক এবং ভৌগলিক অবস্থানের কারণে জাপানও ভারতের মত শক্তিশালী একটি দেশের সমর্থন আদায় করতে চাইছে। তাই বন্ধু দেশ ভারতের সাথে এই দ্বিপাক্ষিক বৈঠক সফল করতে দুই দেশই আগ্রহী হয়ে উঠেছে।
![]()