আজ খবর (বাংলা), [রাজ্য] তারাপীঠ, বীরভূম,০৫/০২/২০২৬ : তারাপীঠ হোটেলের বাথরুমে মহিলার স্নানের ভিডিও মোবাইলবন্দি করার অভিযোগ পুলিশ অফিসারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠ থানার পিছনের একটি হোটেলে। বুধবার কলকাতার দমদম ক্যান্টনমেন্ট থেকে তিনটি পরিবার তারাপীঠে এসেছিলেন পুজো দিতে। তারা ওঠেন এই হোটেলে।
অভিযোগ, এক পুলিশ অফিসার পাশের ঘরের বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে লাল কভার দেওয়া মোবাইল থেকে মহিলার স্নানের ছবি তুলতে শুরু করেন। মহিলাটি মোবাইল দেখে চিৎকার শুরু করেন। এরপরেই তাদের সঙ্গীরা বাকি দুটি রুম থেকে বেরিয়ে এসে চিৎকার শুরু করেন।
পুণ্যার্থীদের সঙ্গে থাকা এক গৃহবধূ বলেন, “আমার বান্ধবীর চিৎকার শুনে আমরা নিজের নিজের ঘর থেকে বেড়িয়ে যখন পুলিশ অফিসারের ঘরে ঢুকি তখন উনি খাবার খাচ্ছিলেন। আমরা তাঁর ঘরে ঢোকার আগেই তিনি মোবাইল থেকে ভিডিও মুছে ফেলেন। কিন্তু মোবাইলের কোন একটা জায়গায় সেটা থেকে যায়। সেটা বের করে আমরা পুলিশকে দেখায়।”
অভিযুক্ত পুলিশ অফিসার অশোক মহাপাত্র অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “মিথ্যা অভিযোগ। কোন ছবি তোলা হয়নি।” পুণ্যার্থীরা শেষ পর্যন্ত পুজো না দিয়েই বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।