আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ২৩/০৬/২০২৬ : প্রতিবেশী বাংলাদেশে শ্রী রাম মূর্তি স্থাপনা নিয়ে অশান্তির কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বিক্ষোভের আঁচ লেগেছে ভারতের গায়েও।
উত্তর বাংলাদেশের গাইবান্ধায় পলাশবাড়ীতে শ্রী রাধা গোবিন্দ ও কালী মাতার মন্দির প্রাঙ্গনে একটি ৮১ ফুট উঁচু পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের মূর্তি স্থাপনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মতো মূর্তি তৈরির কাজ শুরুও হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমদের কট্টরপন্থী একটি গোষ্ঠী অবিলম্বে সেখানে মূর্তি বানানোর কাজ বন্ধ করার ফতোয়া জারি করে। হুমকি দেওয়া হতে থাকে বুলডোজার দিয়ে মন্দির গুঁড়িয়ে দেওয়া হবে। বার বার এই ধরনের হুমকি আসছিলো, পাশাপাশি একদিন ভাংচুর চালানো হয় ঐ মন্দিরে, ভেঙে ফেলা হয় ভগবান শ্রীরামের একটি ছবিও।
এরপরেই সেখানে মূর্তি তৈরির কাজ থামিয়ে দেওয়া হয় বলে খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় সংখ্যালঘু হিন্দুরা রাজপথে নেমে একটি মশাল মিছিল করে বিক্ষোভ দেখতে থাকেন। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, “আমরা বাংলাদেশের গাইবান্ধায় হিন্দু দেবদেবীর মন্দিরে অবমাননাকর ঘটনার কথা জেনেছি। যা সে দেশে প্রতিবাদের জন্ম দিয়েছে। আমরা আশা করবো বাংলাদেশ সরকার সে দেশে কড়া হাতে এইসব কট্টরপন্থী হুমকি ফতোয়াকে দমন করবে। পাশাপাশি হিন্দু ও তাদের ধর্মস্থানগুলিকেও রক্ষা করবে। তাদের নিরাপত্তা দেবে।”