
আজ খবর (বাংলা) [রাজ্য], ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ০২/০১/২০২৬ : সাতসকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ এবং দমকল সহ বহু মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই।
ময়নাগুড়ি পুরাতন বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ময়নাগুড়ি পুরসভা এবং থানার আইসি নিজে দাঁড়িয়ে থেকে আগুন নিয়ন্ত্রণ এবং আগুন লাগার কারণ জানার চেষ্টা করছে।দমকলের দুটো ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। বিদ্যুতের সট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা। প্রাথমিকভাবে জানা যায় কমপক্ষে ১০ টি দোকান পুড়ে ছাই। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দমকল এবং পুলিশের পাশাপাশি পৌরসভা। ঘটনাস্থলে ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান উপস্থিত।
বাজারের ভিতরে একটি মিষ্টির দোকানে বেশ কিছু গ্যাস সিলিন্ডার ছিল। দ্রুত সেগুলি সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়। ভাইস চেয়ারম্যান ঝুলন গোস্বামী বলেন, পুরসভার পক্ষ থেকে বারবার ব্যবসায়ীদের বলা হয়েছে, বাজারে ঢোকার রাস্তা বাধামুক্ত রাখতে। কিন্তু সেকথা শোনেননি ব্যবসায়ীরা। দোকানের সামগ্রী বাজারে ঢোকার রাস্তায় রেখে দেন তাঁরা। যদিও আজ দমকল খুব ভাল কাজ করেছে। ভোররাতে আগুন লাগে। এই ঘটনায় মোট দশটি দোকান পুড়ে গিয়েছে।
![]()


