
সুবিচার না পেয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন মেয়ের মা : স্মৃতি
আজ খবর (বাংলা), [রাজনীতি] পানিহাটি, উত্তর ২৪ পরগণা , ১০/০৪/২০২৬ : “পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ক্রমাগত অপমান করে চলেছে তৃণমূলের গুন্ডারা”, এই অভিযোগ তুলেছেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।
শুক্রবার স্মৃতি বলেন, “পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ এক জঘন্য অপরাধের ঘটনায় নিজের একমাত্র মেয়েকে চিরতরে হারিয়েছেন। এর পরেও তৃণমূলের গুন্ডারা তাঁকে শুধু হয়রান করছে তা নয়, রীতিমত অসম্মান করে চলেছে। আর জি কর হাসপাতাল কাণ্ডে মেয়ে হারানো ঐ মা কোনো জায়গা থেকে যখন সুবিচার পান নি, তখন তিনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এটাই তাঁর অপরাধ ? এই কারণে তাঁকে অপমানিত হতে হবে ?”
পানিহাটি থেকে এবার তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঐ এলাকার পাঁচবারের বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। প্রয়াত মেয়ের সুবিচার চেয়ে রাজনীতিকে সঙ্গে করে পথে বেরিয়ে পড়েছেন রত্না দেবনাথ। গোটা এলাকায় হারে ঘুরে প্রচার করছেন তিনি। বিজেপি প্রার্থী রত্না চাইছেন তাঁর মেয়েকে যারা হত্যা করল তারা যেন শাস্তি পায়। আজ তাই তিনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে চলেছেন, বিজেপির প্রার্থী হয়ে।
আজ বিজেপি প্রার্থী হিসাবে পানিহাটি থেকে নিজের মনোনয়ন পেশ করলেন আর জি কর কাণ্ডে প্রয়াত ডাক্তার পড়ুয়া অভয়ার মা রত্না দেবনাথ। চোখে মুখে তাঁর শুধুমাত্র একটাই স্বপ্ন, তাঁর মেয়েকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তারা যেন শাস্তি পায়। সুবিচার তিনি পাবেনই, এই ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। আজ তাঁর মনোনয়ন জমা দেওয়ার সময় পাশে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানী এবং বিপ্লব দেব। দুই নেতাই আজ বাংলায় স্পষ্ট বার্তা দিয়েছেন।
![]()