
আজ খবর (বাংলা) [রাজনীতি ] সোনারপুর,পশ্চিমবঙ্গ ০৭/০৯/২০২৬ঃ বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ তুলে সোনারপুরে তৃণমূল নেতার গাড়ি আটকে হেনস্থার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। রাতে বাড়ি ফেরার পথে কালিকাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা মাধবচন্দ্র মণ্ডলের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মাধবচন্দ্র মণ্ডলের অভিযোগ, বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ তুলে তাঁকে গাড়ি থেকে নামিয়ে নানা প্রশ্ন করা হয়। এমনকি সেই সময় পিছন দিক থেকে তাঁর দিকে ডিম ও ইট ছোড়া হয় বলেও দাবি তাঁর। পাশাপাশি তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা।

ঘটনার সময় ঘটনাস্থলের কাছ দিয়ে একটি পুলিশ পেট্রোলিং গাড়ি যেতে দেখে সাহায্যের জন্য চিৎকার করেছিলেন বলে দাবি মাধবচন্দ্র মণ্ডলের। তাঁর অভিযোগ, পুলিশকে সাহায্যের জন্য ডাকলেও পেট্রোলিং গাড়ি থেকে কোনও সহযোগিতা মেলেনি। ঘটনার নেপথ্যে একটি ছবি রয়েছে বলেই দাবি করা হচ্ছে। অভিযোগ, বিজেপি বিধায়ক দেবাশিস ধরের সঙ্গে মাধবচন্দ্র মণ্ডলের একটি ছবি দেখিয়ে তাঁকে প্রশ্ন করা হয়—বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে ফের ‘ইনকাম’ করার চেষ্টা করছেন কি না।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক দেবাশিস ধর। মাধব মণ্ডলকে তিনি চেনেন না এবং তাঁর সঙ্গে কোনও যোগাযোগ নেই বলেও জানিয়েছেন বিধায়ক। একইসঙ্গে তিনি বলেন, তিনি কোনও ধরনের মারধরের পক্ষপাতী নন। কেউ আইন নিজের হাতে তুলে নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। জানা গিয়েছে, একটি বেসরকারি হাসপাতালের আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন মাধবচন্দ্র মণ্ডল। সেখানেই সৌজন্যতার খাতিরে বিজেপি বিধায়কের সঙ্গে তাঁর ছবি তোলা হয় বলে দাবি।

ঘটনার পর সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মাধবচন্দ্র মণ্ডল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে রাজনৈতিক কর্মীদের হেনস্থা, ‘ডিম থেরাপি’সহ একাধিক ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার শুধুমাত্র রাজনৈতিক সৌজন্যতার একটি ছবিকে কেন্দ্র করে গাড়ি আটকে হেনস্থার অভিযোগ সামনে আসায় ফের প্রশ্ন উঠছে—বঙ্গ রাজনীতিতে কি রাজনৈতিক সৌজন্যতার সামান্য জায়গাটুকুও ক্রমশ হারিয়ে যাচ্ছে!




