অনকোলজিস্ট পরিচয়ে চিকিৎসার অভিযোগ, চেম্বারে রোগী সেজে পুলিশের অভিযান

সোনারপুরের ঘাসিয়ারা এলাকা থেকে এক ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বিশ্বরূপ আচার্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নিজেকে অনকোলজিস্ট চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন। এমবিবিএস, এফআরসিএস-সহ একাধিক ভুয়ো ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে চিকিৎসা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্তের মোট আটটি চেম্বার ছিল। রোগী প্রতি ৮০০ টাকা করে ভিজিট নিতেন তিনি। সম্প্রতি সোনারপুরের ঘাসিয়ারা এলাকায় একটি বাড়িতে নতুন করে চেম্বার খোলেন অভিযুক্ত। তাঁর গতিবিধি নিয়ে সন্দেহ হওয়ায় বাড়ির মালিক বিষয়টি পুলিশকে জানান।

এরপর পুলিশ রোগী সেজে ওই চেম্বারে হানা দেয়। প্রাথমিক তদন্তে অভিযুক্তের পরিচয় ও ডিগ্রি নিয়ে একাধিক অসঙ্গতি সামনে আসে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে চিকিৎসক হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে বিশ্বরূপ আচার্যের বিরুদ্ধে। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। কীভাবে তিনি এতদিন চিকিৎসা করছিলেন এবং তাঁর ব্যবহৃত নথি ও ডিগ্রিগুলি কোথা থেকে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।




