বেতন বকেয়ার দাবিতে চুঁচুড়ায় বিক্ষোভ

আজ খবর (বাংলা) [রাজ্য] চুঁচুড়া,পশ্চিমবঙ্গ ১৫/০৯/২০২৬: বেতন না পাওয়ার অভিযোগে চুঁচুড়া পুরসভায় অস্থায়ী কর্মীদের অবস্থান-বিক্ষোভ। বিগত কয়েক মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ তুলে হুগলির চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মচারীরা অবস্থান-বিক্ষোভে বসেন। তাঁদের অভিযোগ, পুরসভার বিভিন্ন বিভাগের অস্থায়ী কর্মীদের কারও পাঁচ মাস, কারও তিন মাস, আবার কারও প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে বেতন বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় বাধ্য হয়েই পুরসভার অভ্যন্তরে অবস্থান-বিক্ষোভে বসেছেন তাঁরা।

অস্থায়ী কর্মীদের দাবি, বারবার পুর প্রশাসন এবং বিধায়কের কাছে বকেয়া বেতন মেটানোর জন্য আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনও সদুত্তর মেলেনি। ফলে সমস্যার সমাধানের দাবিতে এদিন পুরসভার বিভিন্ন বিভাগের অস্থায়ী কর্মীরা একত্রিত হয়ে অবস্থান-বিক্ষোভ শুরু করেন।

অস্থায়ী কর্মচারী ইউনিয়নের পক্ষে রাধেশ্যাম শঙ্খ বণিক বলেন, “এর আগেও আমরা আন্দোলন করেই এই হুগলি-চুঁচুড়া পুরসভায় বেতন আদায় করেছি। বর্তমানে ফুল পরিবর্তন হলেও পুরসভার ট্র্যাডিশন এখনও একইভাবে বজায় রয়েছে। আজও বেতন সংক্রান্ত সমস্যার কারণে আমাদের বাধ্য হয়ে অবস্থানে বসতে হয়েছে।”

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে পুর প্রশাসক এবং বিধায়কের কাছে বেতন সংক্রান্ত সমস্যার কথা জানানো হয়েছে। কিন্তু তাঁদের তরফে এখনও পর্যন্ত কোনও সদুত্তর পাওয়া যায়নি। দ্রুত বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিতেই তাঁদের এই আন্দোলন বলে জানান তিনি।




