
আজ খবর (বাংলা), [রাজ্য], শ্যামপুর , হাওড়া, ২৮/০১/২০২৬ : এসআইআর শুনানিতে ডাক পেয়ে বাড়ি ফিরতেই এলাকার মানুষের হাতে আক্রান্ত হলেন এক ব্যক্তি। গণপিটুনিতে মৃত্যু হলো তাঁর।
এস আই আর এর শুনানির জন্য বাড়ি ফেরা এক ব্যক্তিকে এলাকার মানুষ ধরে বেধড়ক মারধর করেছে, পুলিশ গণপিটুনির হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধর করে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় হাওড়ার শ্যামপুর থানা এলাকার মধ্য ডিহি মন্ডলঘাট এলাকায়। কেউ কেউ অভিযোগ করতে থাকে যে পুলিশ হেফাজতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও এই কথা মানতে একেবারেই রাজি হয় নি পুলিশ।
মৃতের নাম শেখ আজগার আলী বয়স ৩৫। জানা গিয়েছে, ডিহি মন্ডল ঘাটের ওই এলাকায় বছরখানেক আগে একটি অশান্তি হয়েছিল। সেই অশান্তির ঘটনায় আজগার এলাকার বাসিন্দা জানে আলমকে নৃশংস ভাবে অস্ত্র দিয়ে মারধর করে পালিয়ে গিয়েছিলেন । এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। কিন্তু এসআইআর শুনানির জন্য তিনি বাড়ি ফিরে আসেন। এলাকার মানুষ তাঁকে দেখতে পেয়েই ঘিরে ধরে এবং বেধড়ক মারধর করতে থাকে। পরে পুলিশ গণপিটুনির হাত থেকে তাঁকে উদ্ধার করে।
এরপর পুলিশে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং হাসপাতালেই তিনি মারা যান। যদিও এই কথা মানতে নারাজ আজগরের পরিবার। আজগরের পরিবারের অভিযোগ মারধরের পর পুলিশ হেফাজতেও বেধড়ক মারধর করা হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে।
![]()