
আজ খবর (বাংলা) [দেশ] নতুন দিল্লী, ভারত, ১৭/০১/২০২৬ : ভারতের ইন্টেলিজেন্স সূত্রে খবর আসছে আগামী প্রজাততন্ত্র দিবসের প্রাক্কালে জঙ্গীরা দেশের কোনো একটি জায়গাকে আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিতে পারে। নাশকতার চেষ্টা হতে পারে দেশের যে কোনো জায়গায়।
প্রতি বছরই ভারত প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের আগে একটা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। বিভিন্ন রাজ্যে রেড এলার্ট জারি করা হয় । নজরদারি বাড়ানো হয় ব্যাপকভাবে। তবে এই বছর ভারতীয় গোয়েন্দাদের কাছে নিশ্চয়ই কোন লাল সংকেত এসে পৌঁছেছে যার জন্যে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করতে হচ্ছে ভারতীয় নিরাপত্তা কর্মীদের।
আর কিছুদিন পরেই দিল্লীতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে সেখানে হাজির থাকবেন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও অন্যান্য মন্ত্রী ভিআইপিরা। উপস্থিত থাকবেন দেশ বিদেশের অভ্যগতরা। এই ধরনের একটা জমায়েতের ওপর আঘাত হানতে তৎপর হয়ে উঠেছে দেশের শত্রু উগ্রপন্থীরা, এমন একটা আন্দাজ করা হচ্ছে। সেই কারণেই রাজধানী দিল্লী তো বটেই দেশের অন্যান্য প্রান্তেও কড়া সতর্কতা অবলম্বন করা হয়েছে। বিশেষ নজর রাখা হয়েছে রেল , বিমান ও মেট্রোর দিকে। রেল স্টেশনগুলিতেও নজরদারি কঠোর করা হয়েছে।
ভারতের ইন্টেলিজেন্স মনে করছে খালিস্তানি জঙ্গী অথবা বাংলাদেশী কোনো সন্ত্রাসবাদী দল এর তরফ থেকে আঘাত আসতে চলেছে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে। সেই অনুযায়ী গোটা দেশেই চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানা যাচ্ছে। বলা হচ্ছে, জঙ্গীরা হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান এবং দিল্লী অঞ্চলে যথেষ্ট সক্রিয় রয়েছে। এই জায়গাগুলির জনাকীর্ণ অঞ্চলগুলিতে ইতিমধ্যেই মক ড্রিল করে নেওয়া হয়েছে।
![]()