
জাতীয় হস্তশিল্প উন্নয়ন কর্মসূচি ও ক্লাস্টার উন্নয়ন প্রকল্প রূপায়ণ; ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ইন্ডিয়া হ্যান্ডমেড’-এর মাধ্যমে কারিগরদের সরাসরি বিক্রির সুযোগ
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৩/০২/২০২৬ : রাজস্থান সহ দেশের বিভিন্ন অংশে হস্তশিল্প সামগ্রীর উন্নয়ন ও বিক্রি বাড়াতে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীন উন্নয়ন কমিশনার (হস্তশিল্প)-এর কার্যালয় দুটি প্রকল্প রূপায়িত করছে। এই প্রকল্প দুটি হল – জাতীয় হস্তশিল্প উন্নয়ন কর্মসূচি (এনএইচডিপি) এবং সর্বাত্মক হস্তশিল্প ক্লাস্টার উন্নয়ন প্রকল্প (সিএইচসিডিএস)। বিশ্বের বিভিন্ন দেশেও হস্তশিল্পের রপ্তানি বাড়াতে সরকার বিভিন্ন সংস্থাকে সহায়তা করছে।
এক্ষেত্রে আন্তর্জাতিক মেলার আয়োজন ও অংশগ্রহণ, ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ গড়ে তোলা, ভার্চুয়াল প্ল্যাটফর্ম, রোড শো প্রভৃতি উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া পুরস্কারপ্রাপ্ত কারিগর ও রপ্তানিকারকদের এই সব আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হচ্ছে। গ্রামীণ কারিগর ও তাঁতশিল্পীদের সামগ্রীকে তুলে ধরতে মন্ত্রকের পক্ষ থেকে ই-কমার্স (https://www.indiahandmade.com) উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্ডিয়া হ্যান্ডমেড নামে পরিচিত এই প্ল্যাটফর্মের মাধ্যমে কারিগর ও তাঁতশিল্পীদের তাঁদের সৃষ্টিসম্ভার সরাসরি বিক্রির সুযোগ করে দেওয়া হচ্ছে।
পাশাপাশি গুরু শিক্ষা হস্তশিল্প প্রশিক্ষণ কর্মসূচি (জিএসএইচইপি) সর্বাত্মক দক্ষতা বিকাশ কর্মসূচি (সিএসইউপি) এবং ডিজাইন অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট ওয়ার্কশপ-এর মতো বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এক থেকে ছয় মাসের এই সব প্রশিক্ষণ কর্মসূচিতে প্রতিটি ব্যাচে ২০ থেকে ৩০ জন কারিগর অংশ নিয়ে থাকেন।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা।

![]()