আজ খবর (বাংলা), [খেলা], আবু ধাবি, আরব আমিরশাহী, ১০/০৯/২০২৫ : প্রতিপক্ষ হংকংকে ৯৪ রানে হারিয়ে এবারের এশিয়া কাপ শুরু করল আফগানিস্তানের ক্রিকেট দল।
এশিয়া কাপে বেশ ভালোই সূচনা হয়েছে আফগানিস্তানের। এই দলটির অন্তত দুজন হাফ সেঞ্চুরি পেয়েছেন। তাঁরা হলেন সিদ্দিকুল্লা অটল এবং আজমাতুল্লা ওমরজাই। আফগানিস্তানের টি২০ ক্রিকেট ইতিহাসে এই দুই সেঞ্চুরি খুব দ্রুততার সাথে এসেছে বলে লেখা থাকবে। সবচেয়ে কম সময়ে আসা দুই সেঞ্চুরি ক্রিকেট প্রেমীদের মন ভরিয়ে দিয়েছে। আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে ৬ উইকেট খুইয়ে ১৮৮ রান তুলেছিল।
বড় রান তাড়া করতে গিয়ে হংকং ৪.৩ ওভারে মাত্র ২২ রানেই ৪টি উইকেট হারিয়ে ফেলেছিল। শেষমেশ ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে হংকং ১০০ রানের গন্ডিও পার করতে পারে নি। মোট ৯৪ রানে খেলা শেষ হয়ে যায় হংকংয়ের। বেশ নড়বড়ে ব্যাটিং দেখতে পাওয়া গিয়েছে হংকং ক্রিকেট দলের। আফগানিস্তান মোট ৯৪ রানে জিতে যায়।.
আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামছে ভারত। এই মুহূর্তে আরবে খেলা হলেও এশিয়াকাপে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট দল হিসেবে প্রথম ম্যাচে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল।
আজ খবর ( বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০৯/০৯/২০২৫ : এবার একজন সেনা জওয়ানের ভূমিকায় দেখতে পাওয়া যাবে দাবাং সলমন খানকে। নতুন ছবির শ্যুটিংয়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সলমন নিজেই।
অপূর্ব লেখীয়ার নির্দেশনায় নতুন ছবিতে অভিনয় করছেন সল্লু মিঞা। নতুন এই ছবির নাম ‘”ব্যাটল অফ গালওয়ান”। ২০২০ সালে ভারতের সাথে সীমান্ত সমস্যা নিয়ে চীনের যে সংঘাত সৃষ্টি হয়েছিল, সেই ঘটনার প্রেক্ষাপটেই ছবিটি তৈরি করা হচ্ছে। ভারত ও চীনের সেই সংঘাতে মোট ২০ জন জওয়ানের মৃত্যু হয়েছিল এবং প্রচুর চীনা সৈনিকের মৃত্যু হয়েছিল। চীন অবশ্য তাদের দেশের মৃত সৈনিকদের সংখ্যা প্রকাশ করতে পারে নি. ঐ ঘটনায় দুই দেশের বেশ কিছু জওয়ান আহতও হয়েছিলেন।
ব্যাটল অফ গালওয়ান এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন সলমন খান। তাঁর বিপৰীতে রয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। জুলাই মাসের প্রথম সপ্তাহেই অবশ্য এই ছবি সম্বন্ধে সমাজ মাধ্যমে কিছুটা আভাস দিয়েছিলেন সলমন খান। এবার তাঁর ছবিই প্রকাশ্যে এসে গেলো।
বিকেলে সিদ্ধান্ত নেওয়া হতে পারে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] কাঠমান্ডু, নেপাল,০৯/০৯/২০২৫ : বিদ্রোহের আগুনে দগ্ধ হচ্ছে নেপাল। দেশজুড়ে মিডিয়া হালু হয়ে গেলেও দুর্নীতির অভিযোগ তুলে আজ সকাল থেকেই নেপালের মানুষ আন্দোলনের মাত্রা তীব্র থেকে তীব্রতার করতে শুরু করেছিল। তাঁদের দাবি ছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ।
সকাল থেকেই অসংখ্য মানুষ রাজপথে নেমে আন্দোলনে সামিল হতে শুরু করেন। আন্দোলন কাঠমান্ডু ছেড়ে নেপালের অন্যান্য শহরেও পৌঁছে যায়. রাজধানী কাঠমান্ডু শহরের বিভিন্ন জায়গায় টায়ার জ্বেলে বিক্ষোভ দেখানো হলেও আজ পুলিশ ছিল অনেকটাই সংযত। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ দাবি করতে থাকে। একদল মানুষ পার্টি অফিস ভাংচুর করে, আর একদন মানুষ রাষ্ট্রপতির বাড়িতে ঢুকে পরে তান্ডব চালায়। প্রধানমন্ত্রীর জনকপুরে অবস্থিত ব্যক্তিগত ভবনেও ভাংচুর করা হয়. তাঁর বালকোটের অফিসও ভেঙে দেওয়া হয়. ইতিমধ্যেই ত্রিভুবন নারায়ণ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়. নেপালের প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সংসদ ভবনেও ঢুকে গিয়েছে উন্মত্ত জনতা। আজ বিকেলে সিদ্ধান্ত নেওয়া হতে পারে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন।
একটি বড় হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর পরিবারের লোকজনকে উঠতে দেখ যায়. নেপালের প্রধানমন্ত্রীর দেশত্যাগের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী। সেই পরামর্শ মেনেই প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কে পি শর্মা ওলি। অলি প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে মানুষের। আর এই কারণেই আন্দোলন তীব্রতা পেয়েছে বলে মনে করা হচ্ছে। গনবোদ্রোহে রীতিমত টালমাটাল পরিস্থিতি নেপালের। সীমান্তের এপার থেকে নেপালের পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছে ভারত। ভারত-কাঠমান্ডু বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
রাষ্ট্রের বিরুদ্ধে ছাত্র যুবদের ক্ষেপিয়ে তোলার এই প্রচেষ্টা বেশ সফল, এর পিছনে কি গুপ্ত রাষ্ট্র ? উঠছে প্রশ্ন
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], কাঠমান্ডু, নেপাল, ০৯/০৯/২০২৫ : নেপালের যুব সম্প্রদায়ের প্রবল চাপের কাছে মানলো নেপাল সরকার। গতকালের অগ্নিগর্ভ পরিস্থিতির জন্যে শোকপ্রকাশ করে নিষিদ্ধ সমাজ মাধ্যমের ল্যাটফর্মগুলিকে ফিরিয়ে আনতে হল সরকারকে।
বিশেষ কয়েকটি সমাজ মাধ্যমের প্ল্যাটফর্ম থেকে সমাজে ঘৃণা ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, প্রতারণা হচ্ছে ইত্যাদি অভিযোগ তুলে নেপালে চলা বিদেশী সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিকে নিবন্ধিকরণের কথা বলেছিল নেপাল সরকার। সেই নিবন্ধিকরণের শেষ তারিখ ছিল সেপ্টেম্বর মাসের ৪ তারিখে। কিন্তু ঐ দিন দেখা গেলো অন্তত ২৬টি প্ল্যাটফর্ম নিবন্ধীকরণ করে নি। ঐ ২৬টি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করে নেপাল সরকার। এরা প্রত্যেকেই মার্কিন সংস্থা।
এরপরে নেপালের তরুণ প্রজন্মের একাংশ সোশ্যাল মিডিয়া ব্যান -এর বিরুদ্ধে রাস্তায় নেমে বিরোধিতা করতে শুরু করে। তারা সংসদ ভবনেও ঢুকে পরে। এই সময় পুলিশের সাথে তাদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়।অবাধ্য আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ করতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়। কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়, এমনকি গুলিও চালাতে হয়। এই ঘটনায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২০০ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
নেপালের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠার কারনে ভারতীয় সীমান্তেও সতর্কতা গড়ে উঠতে দেখা যায়।নেপালের অশান্তি রাজধানী কাঠমান্ডু ছাড়িয়ে পোখরা, ভারতপুরেও ছড়িয়ে পড়ে। ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে শ্রীলংকা এবং বাংলাদেশের পর অশান্ত হয়ে উঠেছে নেপালও। দেখা যাচ্ছে প্রত্যেক জায়গায় ছাত্র যুবদের ক্ষেপিয়ে তোলা হচ্ছে। সংঘর্ষে জড়িয়ে পড়ছে তারাই। দেশ জুড়ে বড়সড় অশান্তি তৈরি হয়ে যাচ্ছে। এমনকি সরকারের পালাবদল পর্যন্ত হয়ে যাচ্ছে।
দেখা গেলো নেপালে কিছু বিদেশী সমাজ মাধ্যমের প্ল্যাটফর্ম দেশের সরকারের থেকেও বেশি পছন্দের হয়ে উঠেছে। দেশের সরকারে দুর্নীতি চলছে এই অজুহাতে কয়েকটি বিদেশী এপ্লিকেশনকে রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ল সে দেশের যুবসমাজ। শেষমেশ ক্ষোভের কাছে নতি স্বীকার করে সরকারকে ব্যান তুলে নিতে হয়েছে। নেপালে ফের চালু হয়েছে সোশ্যাল মিডিয়ার ঐ প্ল্যাটফর্মগুলি।
এর পিছনে কি গুপ্ত রাষ্ট্রের হাত রয়েছে ? উঠছে প্রশ্ন। তবে সবচেয়ে সাংঘাতিক যে বিষয়টি, সেটা হল পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল চার দিক থেকেই অশান্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে ভারতকে। রীতিমত ঘিরে নেওয়া হচ্ছে। অভিযোগ উঠছে ভারতেরও কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এই গুপ্ত রাষ্ট্রের ভাষাতেই কথা বলতে শুরু করেছেন ভারতে।
এই রুটে মেট্রো চালু হয়ে গেলে অসংখ্য মানুষের সুবিধা হবে, অফিসযাত্রীদের ভোগান্তিও কমবে
আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৯/২০২৫ : কলকাতার নিউ গড়িয়া ও দমদম এয়ারপোর্ট রুটে মেট্রো রেলপথ (অরেঞ্জ রুট) নির্মাণের জট কাটাতে আজ সব পক্ষ বৈঠকে বসতে চলেছে।
নিউ গড়িয়া থেকে সল্টলেক এবং নিউ টাউনকে স্পর্শ করে দমদম এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো রেল নির্মাণের কাজ আটকে আছে মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটার কাছে। নিউ গড়িয়া থেকে দমদম এয়ারপোর্ট এই মেট্রো লাইনকেই বলা হয় অরেঞ্জ লাইন। মেট্রোর এই কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু চিংড়িঘাটার কাছে মাত্র ৩৬৬ মিটার জায়গা নিয়ে সমস্যা তৈরি হাওয়ায় এই কাজ থমকে যায়। চিংড়িঘাটার এই জায়গায় রাস্তার ওপর প্রচন্ড চাপ থাকে যানবাহনের। সেক্ষেত্রে এই রাস্তার বিশেষ এই অংশটুকুকে বন্ধ করে মেট্রোর নির্মাণকাজ চালাতে দেওয়া যাচ্ছে না।
রাজ্য পুলিশের বক্তব্য, এই চিংড়িঘাটা করিডোর আসলে উত্তর ও দক্ষিন কলকাতার সবচেয়ে বড় সংযোগ স্থলে পরিণত হয়েছে। এই মোড় দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে। অসংখ্য মানুষ এই পথ রোজ ব্যবহার করেন। অফিস টাইমে ভীড় আরও বেড়ে যায়। তখন ব্যাপক ট্রাফিক জ্যাম লেগে যায়। এই পরিস্থিতিতে রাস্তা বন্ধ করে মেট্রোর কাজ চালানো হলে কলকাতার ট্রাফিক সিস্টেম ভেঙে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই কারণেই এখনই মেট্রো নির্মাণের অনুমতি দিতে পারছে না রাজ্য সরকার।
গোটা বিষয়টি পৌঁছায় আদালতে। আদালতের নির্দেশেই আজ সব পক্ষ কলকাতার পার্ক স্ট্রিটে মেট্রো ভবনে একটি বৈঠকে মিলিত হয়ে সমাধান সূত্র খোঁজার চেষ্টা করবে। এই বৈঠকে অংশ নেবে মেট্রো কর্তৃপক্ষ, ইস্টার্ন রেল, রেল বিকাশ নিগম লিমিটেড, কলকাতা ট্রাফিক পুলিশ, রাজ্য পুলিশ এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা। জনস্বার্থে এই মেট্রো রুটের জট কাটানো যায় কিনা, কোনোভাবে চিংড়িঘাটা মোড়ে আন্ডারপাস বা ফ্লাই ওভার বানিয়ে মেট্রোর কাজ শেষ করা যায় কি না, সেইসব সম্ভাব্নাগুলোই খতিয়ে দেখা হবে আজকের বৈঠকে।
১৫ ই সেপ্টেম্বর থেকে ৩ দিন ধরে চলবে এই সিসিসি কনফারেন্স
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৯/২০২৫ : কলকাতায় ১৫-১৭ সেপ্টেম্বর কম্বাইন্ড কম্যান্ডার্স কনফারেন্স (সিসিসি), ২০২৫ অনুষ্ঠিত হতে চলেছে। সশস্ত্র বাহিনীগুলির আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে এবারের মূল ভাবনা হল – ‘ইয়ার অফ রিফর্মস – ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার’ (একগুচ্ছ সংস্কারের বাস্তবায়নের বছর – ভবিষ্যতের জন্য পরিবর্তন)।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী এবং দপ্তরের প্রতিমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, চিফ অফ ডিফেন্স স্টাফ ও প্রতিরক্ষা সচিব উপস্থিত থাকবেন। তিন সশস্ত্র বাহিনীর আধিকারিকরা ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রকের পাশাপাশি অন্যান্য মন্ত্রকের শীর্ষস্থানীয় আধিকারিকরাও সম্মেলনে যোগ দেবেন।
সিসিসি, ২০২৫-এ সংস্কার, পরিবর্তন এবং পরিচালনগত ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে। এর মধ্য দিয়ে সশস্ত্র বাহিনীগুলির প্রাতিষ্ঠানিক সংস্কার, নিবিড় সমন্বয়, প্রযুক্তিগত ক্ষেত্রের আধুনিকীকরণের মতো বিষয়ে অঙ্গীকার প্রতিফলিত হবে। এই সম্মেলনে উচ্চস্তরে বিভিন্ন বাহিনীর সদস্যদের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে পরিচালনার বিষয়টিও স্থান পাবে। এর মধ্য দিয়ে জটিল ভূ-রাজনৈতিক কৌশলগত ক্ষেত্রে সশস্ত্র বাহিনীগুলি কতটা নির্ণায়ক ভূমিকা গ্রহণ করতে পারে, সেই বিষয়টিও পর্যালোচনা করা হবে।
সিসিসি সশস্ত্র বাহিনীগুলির সর্বোচ্চ স্তরের একটি ফোরাম। এই ফোরামে দেশের শীর্ষস্থানীয় সামরিক এবং অসামরিক নেতৃবৃন্দ কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করে থাকেন।
অশান্ত শ্রীলংকা, বাংলাদেশ, নেপাল, জঙ্গী দেশ পাকিস্তান, ভূমিকম্পে বিদ্ধস্ত আফগানিস্তান। ভারতের চারদিকেই অশান্তি —
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], কাঠমান্ডু, নেপাল, ০৮/০৯/২০২৫ : দেশের সরকার সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করলে কি ঘটেতে পারে তা দেখিয়ে দিল নেপাল। কিছু সোশ্যাল মিডিয়াকে সাসপেন্ড করার জন্যে নেপালের তরুণরা ক্ষেপে উঠলেন। তাঁদেরকে শান্ত করতে গিয়ে পুলিশকে লাঠি চালাতে হল, কাঁদানে গ্যাস ছুঁড়তে হল, এমনকি গুলিও চালাতে হলো। যার নিট ফল হল ১৯টি তাজাপ্রাণ চলে গেল অকালে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০০ জন মানুষ।
অন্যান্য অনেক দেশের মতোই নেপালে সমাজ মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীরা ফেক নিউজ ছড়িয়ে দিচ্ছে। গুজব ছড়াচ্ছে, নানারকম কুকথা বলছে, প্রতারণা করছে। এই ব্যাপারগুলোকে বাগে আনতে নেপাল সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে সরকারের কাছে রেজিস্টার করতে বলেছিল। গত ৪ই সেপ্টেম্বর থেকে সোশ্যাল মিডিয়ার ওপর কড়া মনোভাব দেখতে শুরু করেছে নেপাল সরকার। চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি রেজিস্টার করে নিলেও মার্কিন প্ল্যাটফর্মগুলি রেজিস্টার করে নি। নেপাল সরকার তাদেরকে আরও সাত দিন সময় দিয়েছিল বলে জানা যাচ্ছে।
এরপরেও সেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি রেজিস্টার না করানোয় তাদেরকে সাসপেন্ড করে দেয় নেপাল সরকার। এদিকে প্রতি নিয়ত যে সোশ্যাল মিডিয়া ছাড়া দিন কাটে না, সেগুলিকে নিষিদ্ধ ঘোষণা করায় ক্ষেপে যায় সাধারণ মানুষ। বিশেষ করে তরুণ প্রজন্ম কাঠমান্ডুর রাস্তায় ভীড় জমাতে থাকেন। তাঁদেরকে নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠি চার্জ করে, কাঁদানে গ্যাসের সেল ছোঁড়ে এবং শেষমেশ গুলি চালায়। পুলিশের গুলিতে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। পরে আরও একজনের মৃত্যু হয়েছে। পুলিশ-জনতা যুদ্ধে মোট ২০০ জন মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
সাধারণ মানুষের বক্তব্য ” আমরা শান্তিপূর্ণভাবেই মিছিল করছিলাম। পুলিশই আমাদের উত্যক্ত করে এবং নিপীড়ন করতে থাকে। যারা ক্ষমতার অলিন্দে বসে আছেন তাঁদের কোনো অধিকার নেই আমাদের স্বাধীনতা হরণ করার। প্রয়োজনে তাঁরা পদত্যাগ করুন।” মিছিল থেকে নেপালের রাজতন্ত্রের সমর্থনেও আওয়াজ উঠেছে। এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে। ঘটনার দায় নিয়ে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। শিলিগুড়ির কাছে পানিট্যাঙ্কি সীমান্তে নেপালের ওপর কড়া নজর রেখেছে এসএসবি। শ্রীলংকা এবং বাংলাদেশের পর ভারতের আর এক সীমান্তবর্তী দেশ অশান্ত হয়ে ওঠায় চিন্তিত কেন্দ্র সরকার।
সংবাদ মাধ্যমকে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন দমকল মন্ত্রী
আজ খবর (বাংলা), [রাজ্য], তারাপীঠ, বীরভূম, ০৮/০৯/২০২৫ : তারাপীঠে পরিবারের সঙ্গে পুজো দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন সংবাদমাধ্যমের সামনে ।
আজ সোমবার দুপুরে বীরভূমের শ্রদ্ধেয় তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন রাজ্যের ডোমকল দপ্তরের মন্ত্রী সুজিত বসু। পরিবারের সদস্যদের নিয়ে তিনি এদিন সকালেই তারাপীঠে পৌঁছন। মন্দিরে পূজা অর্চনা করার পর মন্ত্রী ও তার পরিবার গোটা মন্দির চত্বর প্রদক্ষিণ করেন এবং ভক্তদের সঙ্গে কথা বলেন। মন্দিরের পবিত্র পরিবেশে পুজো দেওয়ার পর তিনি জানান, এই সফর তাঁর কাছে ভক্তির পাশাপাশি আত্মিক শান্তিরও এক বিশেষ মুহূর্ত।
পুজো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডোমকল মন্ত্রী জানান, জেলার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় দমকল দফতরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিশেষ করে নলাটি, তারাপীঠ, লাভপুর ও মুরারই—এই চারটি এলাকায় দমকল ভবন তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অনেকটাই প্লেটিং-এর কাজ সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই আধুনিক সুবিধাসম্পন্ন দমকল অফিস গড়ে উঠবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারের উদ্যোগে জেলার মানুষকে নিরাপত্তা ও পরিষেবার ক্ষেত্রে আরও সুরক্ষিত করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই চারটি নতুন দমকল কেন্দ্র চালু হলে দুর্ঘটনা মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
তারাপীঠ মন্দিরে মন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ ভক্তদের মধ্যেও কৌতূহল ছিল চোখে পড়ার মতো। অনেকেই তাঁকে শুভেচ্ছা জানান ও দমকল দফতরের আসন্ন কাজ নিয়ে আশা প্রকাশ করেন।
কিভাবে এদের কাছে এলো ৫ লক্ষ্য টাকার জাল নোট ? ভাবাচ্ছে পুলিশকে
আজ খবর (বাংলা), [রাজ্য], কালিয়াচক, মালদহ, ০৮/০৯/২০২৫ : ফের মালদায় বিপুল অংকের জালনোট উদ্ধার! এবার পাঁচ লক্ষ টাকার জালনোট উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ।
পাঁচ লক্ষ টাকার জালনোট সহ পুলিশ গ্রেপ্তার করল দুই পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই পাচারকারীর মধ্যে একজনের নাম মজিবুর সেখ এবং অপরজনের নাম সুকমান সেখ। দুজনেরই বাড়ি কালিয়াচক থানার সুলতানগঞ্জ মধ্যপাড়া এলাকায়। এদিন তারা কালিয়াচকের মোজমপুর ব্রীজ সংলগ্ন শাহবাজপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাদের পাকড়াও করে।
তল্লাশিতে ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় পাঁচ লক্ষ টাকা জাল নোট। যার সমস্তটাই পাঁচশো টাকার নোট। ধৃতরা বিপুল অংকের জালনোট কোথায় পেল ? কোথায় পাচার করতে যাচ্ছিল ? এই সমস্ত নানান দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে পেশ করে মালদা জেলা আদালতে।
প্রায়ই চা বাগানে গাড়ি দুর্ঘটনা ঘটে থাকায় চিন্তিত প্রশাসন
আজ খবর (বাংলা), [রাজ্য] নাগরাকাটা, জলপাইগুড়ি, ০৮/০৯/২০২৫ : চা বাগানে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ৩৫ জন শ্রমিক। দিন কয়েক আগেই গাঠিয়া চা বাগানে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৩ জন শ্রমিকের। এবারের দুর্ঘটনাস্থল হোপ চা বাগান।
গাঠিয়া চাবাগানের পর এবার নাগরাকাটার হোপ চাবাগান থেকে কাজ করে পিক আপ ভ্যানে করে বিভিন্ন চা বাগানের শ্রমিকরা বাড়ি ফেরার পথে নাগরাকাটার টিআরএ বস্তির কাছে ১৭ নং জাতীয় সড়কে একটি বাইককে বাচাতে গিয়ে গাছে ধাক্কা মারল। এঘটনায় গাড়িতে থাকা ৩৫ জন শ্রমিক আহত হয়েছে। গাঠিয়া চাবাগানে পিক আপ ভ্যান দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর পর ফের এদিনের এই ঘটনায় চাবাগানের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। বারে বারে পুলিস ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে চাবাগান কতৃপক্ষকে সতর্ক করা হলেও তারা যে প্রশাসনের নির্দেশকে যে মানছে না তা এদিনের ঘটনা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আর যাইহোক এদিনের এই ঘটনার পর হাসপাতালে সাথে সাথে চলে আসে নাগরাকাটা থানার পুলিস, চলে আসে চম্পাগুড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান রমেশ তিরকি, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবিন সিং ঝা, পঞ্চায়েত সদস্য মঞ্জুরুল হক, এলাকার বাসিন্দা মোবারক আলি সহ অনান্যরা। সকলেই এদিনের এই ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।
চম্পাগুড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান রমেশ তিরকি বলেন, খুবই দু:খজনক ঘটনা গাঠিয়া চাবাগানের পর ফের আবার সেই পিকআপ ভ্যানে দুর্ঘটনা ঘটল।এবারে ৩৫ জন শ্রমিক আহত হয়েছে। আমরা জানতে পেরেছি যে এবারে একটি বাইককে বাচাতে গিয়ে এই ঘটনা ঘটেছে। কিন্তু আরো বড় ঘটনা ঘটতে পারত। তাই আমরা প্রশাসনকে আবেদন জানাবো এমন ব্যবস্থা করুক যাতে দুর্ঘটনা না ঘটে। আর শ্রমিকেরাও কাজ করে তারা তাদের সংসার চালাতে পারে।
উল্লেখ্য এর আগে গাঠিয়া চাবাগানে পিক আপ ভ্যানে করে যেতে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল।প্রায় ২৫ জন আহত হয়।এরপরই ব্লক ও পুলিস প্রশাসনের পক্ষ থেকে চাবাগান গুলোকে নিয়ে একটি বৈঠক করে। সেখানে পরিষ্কার ভাবে বলা হয়েছিল পণ্যবাহী গাড়িতে শ্রমিকদের নিয়ে যাওয়া যাবে না।কিন্তু দেখা গিয়েছে পরের দিন থেকেই একইভাবে পিক আপ ভ্যানে শ্রমিকদের গরু-ছাগলের মত করে নিয়ে যাওয়া হচ্ছে।যার ফলস্বরূপ আজকের এই দুর্ঘটনা।