
কাঠের গুদামের মালিম জখম হয়ে ভর্তি হাসপাতালে
আজ খবর (বাংলা), [রাজ্য], আমতা, হাওড়া,১০/০২/২০২৬ : মঙ্গলবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আমতায়, পুড়ে ছাই কাঠের গুদাম সহ চারটি দোকান।
মঙ্গলবার ভোরে হাওড়ার আমতা থানার আমতা নতুন রাস্তা মোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় চারটি দোকান পুরোপুরি ভষ্মিভূত হয়ে যায়। জানা গিয়েছে প্রথমে একটি কাঠের গুদামে আগুন লাগে, পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কাঠের ঐ গুদামে কাঠ চেরাই করা হত, এবং কাঠের গুড়োয় আগুন লেগে যাওয়ায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে।
গুদামের পাশে থাকা একটি ইলেকট্রনিক্স এর দোকান সহ আরো তিনটি দোকান পুড়ে পুরোপুরি ছাই হয়ে যায়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। দমকলের চারটি ইঞ্জিন তিন ঘন্টা চেষ্টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ভোর সাড়ে তিনটের নাগাদ এই আগুন লাগে এবং আগুনের খবর পেয়েই তৎপর হয়ে ওঠে সাধারণ মানুষ। এর মাঝেই গুদামের পাশেই বহুতলে আটকে পড়া চারজনকে উদ্ধার করে পুলিশ। আগুনের ঘটনায় কাঠের গুদামের মালিক সুরেন্দ্র শুক্লা জখম হয়ে আমতা হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
![]()