
আজ খবর, রিয়াদ, সৌদি আরব, ২৩/১০/২০২৬ : সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরের হানায় দুই মৃতের মধ্যে একজন ভারতীয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় আরও দুজন ভারতীয় জখম হয়েছেন।
রিয়াদের ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার রাতে সৌদি আরবের দাম্মাম বিমান বন্দরে যে আক্রমণ করা হয়েছিল, সেই ঘটনায় দুই সাধারণ ব্যক্তি প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে একজন ভারতীয়। বিমানবন্দরে আক্রমণের ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস, আহত হওয়া ওই দুই ব্যক্তিও ভারতীয় বলে জানা গিয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ খবর এখনও জানাতে পারেনি সে দেশের ভারতীয় দূতাবাস, তবে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ পরে এক্স হ্যান্ডেলে জানাবে বলে জানিয়েছে।


রিয়াদের ভারতীয় দূতাবাস জানিয়েছে আক্রান্তদের পরিবারের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। যাঁরা এই মুহূর্তে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, আমরা তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি, তাদের পরিবারের সাথেও আমরা যোগাযোগ রাখছি। দাম্মাম বিমানবন্দরে ভারতীয় ছাড়াও আর এক জনের মৃত্যু হয়েছে। এই ব্যক্তি সৌদি আরবের স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এর আগে দাবি করা হয়েছিল যে তারা পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে সেনা প্রত্যাহার করা শুরু করে দিয়েছে। তা সত্ত্বেও কিছু কিছু জায়গায় এই ধরনের আক্রমণের ঘটনা ঘটছে। সৌদি কর্তৃপক্ষ এই ঘটনায় আট জন আক্রান্ত হওয়ার কথা বলেছে, যাদের মধ্যে দুই বাংলাদেশী নাগরিকও আছে।







