
আজ খবর
( বাংলা) [আন্তর্জাতিক] ইরান ০৬/১০/২০২৬
ইরান-যুদ্ধ নিয়ে মন্তব্য করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস ও সান ডিয়েগোকে ইরান ‘ধ্বংস’ করতে পারে । সোমবার নেব্রাস্কার এক নির্বাচনী সভায় ট্রাম্প বলেন, এমন ঘটনা ঘটলেও তা আমেরিকা ও বিশ্বকে নিরাপদ রাখার জন্য ‘ছোট মূল্য’ হবে।

ট্রাম্পের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম। তিনি ট্রাম্পকে ‘উন্মাদ ও বিপজ্জনক’ বলে আক্রমণ করেন। নিউজমের অভিযোগ, ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড ও মেরিন মোতায়েনের পর এবার মার্কিন প্রেসিডেন্ট বিদেশি শত্রুকে রাজ্যের দুই বড় শহরে হামলার সুযোগ দেওয়ার কথা বলছেন।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাসও ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব দেশের মানুষকে রক্ষা করা, তাদের বিরুদ্ধে হামলাকে উৎসাহিত করা নয়।ট্রাম্পের মন্তব্যের পর মার্কিন রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও তাঁর কিছু সমর্থক মন্তব্যটিকে রসিকতা হিসেবে ব্যাখ্যা করেছেন, ক্যালিফোর্নিয়ার নেতারা বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন।




