আসানসোলের শিল্পী সুশান্ত রায়ের তৈরি নরেন্দ্র মোদির মোমের মূর্তি

আজ খবর (বাংলা) [রাজ্য] আসানসোল , পশ্চিমবঙ্গ ২১/০৯/২০২৬: দু’মাসের পরিশ্রমে তৈরি ‘জীবন্ত’ নরেন্দ্র মোদির মোমের মূর্তি, আসানসোলের শিল্পীর নজরকাড়া সৃষ্টি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদলে তৈরি করা হল একটি অবিকল মোমের মূর্তি। আসানসোলের ভাস্কর শিল্পী সুশান্ত রায় প্রায় দু’মাসের অক্লান্ত পরিশ্রমে এই মূর্তিটি তৈরি করেছেন। মূর্তিটি এতটাই বাস্তবসম্মত যে দূর থেকে দেখলে সেটিকে জীবন্ত নরেন্দ্র মোদি বলেই মনে হতে পারে।

মূর্তিটির বিশেষ আকর্ষণ হল এর পোশাক। ধুতি-পাঞ্জাবি পরিহিত অবস্থায় নরেন্দ্র মোদির বাঙালি সাজকে তুলে ধরা হয়েছে এই শিল্পকর্মে। চেহারার গড়ন, চুল, দাড়ি এবং চশমার মতো খুঁটিনাটিতেও বিশেষ নজর দিয়েছেন শিল্পী।

শিল্পী সুশান্ত রায় জানিয়েছেন, মোদির বিভিন্ন ছবি, দূর থেকে দেখা অবয়ব এবং শারীরিক গঠনের মাপের ধারণা কাজে লাগিয়ে মূর্তিটি তৈরি করা হয়েছে। মাথার চুল ও দাড়ির প্রতিটি অংশেও সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে।

সুশান্ত রায় এর আগেও একাধিক বিশিষ্ট ব্যক্তির মোমের মূর্তি তৈরি করেছেন। তাঁর তৈরি মূর্তির মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, অভিনেতা অমিতাভ বচ্চন এবং ফুটবলার লিওনেল মেসির মূর্তিও রয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মূর্তিটি তৈরি করা হয়েছিল। শিল্পীর ইচ্ছা ছিল জন্মদিনে সরাসরি প্রধানমন্ত্রীর হাতে এই শিল্পকর্ম তুলে দেওয়ার। তবে নিরাপত্তা ও সরকারি প্রোটোকলের কারণে তা সম্ভব হয়নি।

পরবর্তীতে মূর্তিটি কলকাতায় নিয়ে যাওয়া হয় এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে সেটি উন্মোচন করা হয়। মূর্তিটি ভবিষ্যতে কোথায় রাখা হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গিয়েছে।




