
গতকাল থেকেই ছাঙ্গু লেক অঞ্চলে শুরু হয়েছে প্রবল তুষারপাত
আজ খবর (বাংলা), [দেশ], গ্যাংটক, সিকিম, ২৩/০২/ ২০২৬ : প্রবল তুষারপাতের জেরে সিকিমের ছাঙ্গু লেকের কাছে বিপজ্জনকভাবে আটকে গেলো পর্যটকদের গাড়ি। উদ্ধার করতে নেমেছে পুলিশ ও সেনাবাহিনী।
রবিবার সকাল থেকেই সিকিমের ছাঙ্গু লেক এলাকায় প্রবল তুষারপাতের খবর আসছিল। তুষারপাতের জেরে হয়ে গোটা এলাকা সাদা হয়ে যায়। এর মধ্যেই ভরা পর্যটন মরসুমে প্রচুর গাড়ি এবং পর্যটকেরা ভীড় করেন ছাঙ্গু লেক অঞ্চলে। একটা ট্রিপেই ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা দেখে নেওয়া যায়। একেই এই জায়গাটি হাই অল্টিচিউড এলাকা, তার ওপর জায়গাটি চীন সীমান্তের একেবারে কাছে থাকায় পর্যটন আকর্ষণ অনেক। বোনাস হিসেবে এখানে তুষারপাত দেখতে পাওয়া যায়। বছরের বেশিরভাগ সময় গোটা এলাকাটাই তুষারে ঢাকা থাকে।
রবিবারও এখানে পর্যটকদের ব্যাপক ভীড় হয়েছিল। এদিন এই এলাকায় মোট ৩৫০টি গাড়ি আটকে পড়েছিল। প্রবল তুষার পাতের কারণে গাড়িগুলি আর এগোতে পারছিল না। এদিকে তুষারপাতও থামছিল না, তার মধ্যেই এই এলাকায় আবহাওয়া খারাপ হতে শুরু করে। সেই সময় আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে নেমে পড়ে পুলিশ, সেনাবাহিনী, জিআরইএফ এবং স্থানীয় কিছু বাসিন্দাদের একটি দল। দ্রুত পর্যটকদের উদ্ধার করে অস্থায়ী শিবির তৈরি করে সেখানে নিয়ে গিয়ে প্রয়োজনীয় জল ও ওষুধ দেওয়া হয়।
উদ্ধার অভিযান এখনও চলছে। আবহাওয়ার উন্নতি হয় নি এখনও। তুষারপাত হচ্ছে যখন তখন। রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। রাস্তা পরিস্কার হয়ে গেলেই পর্যটকদের নিরাপদে গ্যাংটকে নামিয়ে আনা হবে বলে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত পর্যটকরা সুস্থ আছেন, অস্থায়ী শিবিরগুলোতে শিশুরাও আছে।
![]()