
“আমার মেয়ের মৃত্যুর বিচার আদায় করবোই”
আজ খবর (বাংলা), [রাজনীতি] পানিহাটি, উত্তর ২৪ পরগণা , ২৬/০৩/২০২৬ : আর জি কর হাসপাতালের নির্যাতিতার মা রত্না দেবনাথ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন উত্তর ২৪ পরগণার পানিহাটি কেন্দ্র থেকে। আজ থেকেই তিনি ভোটের প্রচারে নামছেন।
আর জি কর হাসপাতালে ধর্ষিতা এবং খুন হতে হয়েছিল ঐ মেডিকেল কলেজেরই এক পড়ুয়া ডাক্তারকে। নির্যাতিতার সমর্থনে সেই সময় প্রতিবাদে মুখর হয়েছিল গোটা রাজ্য। প্রতিবাদ জানিয়ে রাতের পর রাত জেগেছিল। তবু বিচার অধরা রয়ে গিয়েছে। নির্যাতিতার বাবা- মা মনে করেন তাঁদের মেয়ের আসল খুনি বুক ফুলিয়ে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। তাঁদের মেয়ে এখনও সুবিচার পান নি।
এবার শুধু নিজের মেয়েই নয়, এই ধরনের ঘটনায় রাজ্যে সব মেয়েদের সুবিচার পাইয়ে দেওয়ার অঙ্গীকার করে ভোট যুদ্ধে অবতীর্ণ হতে চলেছেন নির্যাতিতার মা রত্না দেবনাথ। তিনি বিজেপির হয়ে উত্তর ২৪ পরগণার পানিহাটি কেন্দ্র থেকে আজ থেকেই প্রচারে নামছেন। এদিন তিনি সাংবাদিকদের জানিয়েছেন, “এটাও একটা বিজয়, আমি ভোটে দাঁড়িয়েছি। নির্বাচনের লড়াইয়ে আমি জিতবো না, পানিহাটির সব মানুষ জিতবে। এই সরকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। অথচ সবাইকে সমান অধিকার দেওয়া উচিত। আমার মেয়ে আর জি কর মেডিকেল কলেজে পড়তে গিয়ে নিহত হয়েছে। তারপর থেকে অনেক ঘটনায় ঘটছে ঐ হাসপাতালে। আমি জনগণকে বলব, আমার কাছে আর কিছুই নেই, আমার ঘর শূন্য, তাই আপনারা আমার পাশে দাঁড়ান। আমি আমার মেয়ের মৃত্যুর বিচার আদায় করতে চাই।”
![]()