সুপ্রিম কোর্টে রাজ্যের দাবি, সুমিতকে হেফাজতে প্রয়োজন

আজ খবর (বাংলা ) রাজ্য , পশ্চিমবঙ্গ ১০ / ০৯ / ২০২৬ ঃ কালীঘাটে অভিষেকের বাড়ি থেকে গ্রেপ্তার সুমিত রায়, তুঙ্গে রাজনৈতিক চাঞ্চল্য । সুপ্রিম কোর্ট রক্ষাকবচ বাতিল করতেই তৎপরতা শুরু। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে সুমিত রায়কে গ্রেপ্তার করল CID ও STF। শালবনি জমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।

রক্ষাকবচ বাতিলের খবর সামনে আসার পরই কলকাতায় তৎপর হয়ে ওঠে CID ও STF। ভিডিয়োগ্রাফার-সহ আধিকারিকদের একটি দল দ্রুত কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছয়। সেখানে সুমিত রায়ের উপস্থিতির খবর পাওয়ার পর তাঁকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়।

অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে থাকা সুমিত রায়কে সেখান থেকেই হেফাজতে নেয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানীভবনে নিয়ে যাওয়া হচ্ছে।

ঘটনাকে ঘিরে কালীঘাটে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর দ্রুত গ্রেপ্তারি অভিযান এবং অভিষেকের বাড়ি থেকে সুমিত রায়কে গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা।




