
খাদ্য সুরক্ষা দাপটের অভিযানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং,২১/০২/২০২৬ : শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় খাদ্য সুরক্ষা দপ্তরের হানা। মিষ্টির কারখানায় মাংস, পচা চিকেনে পোকা, সর্বত্র চাঞ্চল্যকর চিত্র ধরা পড়েছে ক্যামেরায়।
শনিবার শিলিগুড়ি শহরে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে সামনে এল একের পর এক চাঞ্চল্যকর ছবি। এনটিএস মোড় ও দেশবন্ধু পাড়া এলাকায় একাধিক খাবারের দোকান ও মিষ্টির কারখানায় হানা দেন দপ্তরের আধিকারিকরা। অভিযানের শুরুতেই নজরে আসে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের একাধিক ঘটনা।
দেশবন্ধু পাড়ার ‘গীতা সুইটস’-এর কারখানায় গিয়ে কার্যত হতবাক হন আধিকারিকরা। মিষ্টির কারখানার ফ্রিজ থেকে উদ্ধার হয় রান্না করা মাংস। অভিযোগ, নির্দিষ্ট অনুমতি ছাড়া ওই কারখানায় মাংস সংরক্ষণ করা হচ্ছিল। শুধু তাই নয়, দোকানের বাসনপত্র ধোয়া হচ্ছিল সেপটিক ট্যাঙ্কের উপর—যা স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘন বলে মনে করছে দপ্তর।
অভিযান পৌঁছায় শিলিগুড়ির এনটিএস মোড়ের এক নামী ক্যাফেতেও। সেখানে সংরক্ষিত চিকেনের মধ্যে পোকা কিলবিল করতে দেখা যায় বলে দাবি আধিকারিকদের। ফ্রিজ ও রান্নাঘরের অবস্থা ছিল অত্যন্ত নোংরা। পচা খাবার বাজেয়াপ্ত করা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে একাধিক অনিয়মের প্রমাণ মিলেছে। সংশ্লিষ্ট দোকানগুলিকে শোকজ নোটিস দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে লাইসেন্স স্থগিত বা বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে বলেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। শহরের নামী খাবারের দোকানে এমন চিত্র সামনে আসায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ক্রেতাদের একাংশের বক্তব্য, নিয়মিত নজরদারি না হলে এ ধরনের অনিয়ম চলতেই থাকবে। এখন প্রশ্ন, এই অভিযানের পর আদৌ কি বদলাবে শহরের খাবারের মান ? নাকি কয়েকদিনের মধ্যেই সব আবার আগের মতো হয়ে যাবে—সেই দিকেই তাকিয়ে শিলিগুড়ির মানুষ।
![]()