
পুলিশ খোঁজ নিচ্ছে খালিস্তানি গ্রূপ সম্বন্ধে
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৩/০২/২০২৬ : রাজধানী নতুন দিল্লীতে ফের বোমা বিস্ফোরণের হুমকি মেইল পাওয়া গেলো, যার জেরে দিল্লীর বেশ কিছু জায়গায় আজ বোমাতঙ্ক দেখা দিয়েছিল।
আজ সকালে দিল্লী পুলিশের কাছে কেউ মেইল করে কিছু জায়গা বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। হুমকি মেইল পেয়েই এলার্ট মোডে চলে যায় দিল্লী পুলিশ। এক এক করে প্রত্যেক জায়গায় শুরু হয় চিরুনি তল্লাশি। পুলিশ কর্মী ও বম্ব স্কোয়াডের কর্মীরা তল্লাশি চালাতে থাকেন আর্মি স্কুলে। একটি দল অভিযান চালায় দিল্লীর লাল কেল্লায়, একটি দল তল্লাশি চালাতে যায় দিল্লীর বিধানসভায় এবং আরও দুটি দল যায় দিল্লীর দু’টি স্কুলে।
প্রত্যেকটি জায়গায় ব্যাপক তল্লাশি চালানো হয়। পুলিশ কুকুর দিয়েও বোমার খোঁজ চালানো হয়। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কোনো বোমার হদিশ মেলে নি। শেষমেশ পুলিশ জানিয়ে দেয় কোথাও কোনো বোমা নেই। আজ সকালেই বোমা থাকার কথা মেইল করে জানানো হয়েছিল পুলিশ দপ্তরে। কোথায় কোথায় বোমা রাখা হয়েছে, সেই তালিকাও পুলিশকে দেওয়া হয়েছিল ওই মেইলে। সেইমত পুলিশ কোনো ঝুঁকি না নিয়ে তল্লাশি চালিয়েছে। শেষ পর্যন্ত তারা নিশ্চিত হয়েছে যে কোথাও বোমা রাখা নেই। কোথাও কোনো বিপদের আশংকা নেই ।
এই ধরনের হুমকি এর আগেও দিল্লী পুলিশ পেয়েছে, কিন্তু কোনোবারই ঝুঁকি নেওয়া হয় নি। তল্লাশি অভিযান চালিয়ে নিশ্চিত হয়েছে পুলিশ। এখন প্রশ্ন উঠছে এই মেইলগুলি পাঠাচ্ছে কারা ? তাদের উদ্দেশ্য কি ? আজ যে মেইল এসেছিল পুলিশের কাছে, সেই মেইল প্রেরকের নামের জায়গায় লেখা ছিল ‘খালিস্তানি গ্রূপ’। ব্যাস, আর কিছু লেখা ছিল না। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
![]()