
“মমতা দিদি চিরকাল ভিকটিম কার্ড খেলে গেলেন “
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০৩/২০২৬ : কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ. আজ তিনি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করলেন।
কলকাতার একটি হোটেলে আজ সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “মমতা দিদি ভোটের আগে সবসময় ভিকটিম কার্ড খেলেন, এইভাবেই তিনি বাঙালির আবেগকে নিজের দিকে নিয়ে যান এবং ভোটে লড়াই করেন। ” এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে অমিত শাহ দুর্নীতি নিয়ে সোচ্চার হন. যাকে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট হিসেবে ব্যক্ত করেছে।
অমিত শাহ আজ বলেন, “ভোট আসলেই মমতা দিদি এমন একটা অভিনয় করেন যেন মনে হয় তিনি ভুক্তভোগী, বঞ্চিত, বাংলা বঞ্চিত, কেন্দ্র সরকার শুধুই বঞ্চনা করে চলেছে। কখনও তাঁর পা ভাঙে, কখনও মাথা ফাটে। কখনও তিনি অসুস্থ হয়ে পড়েন, আবার কখনো তিনি এমন অসহায়তা দেখান যে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই গালিগালাজ করেন। তাঁর এই ভিকটিম কার্ড খেলে ভোটে লড়ার অভ্যাসটা বাংলার মানুষ বুঝে গিয়েছে।”
অমিত শাহ আরও বলেন, ” দেশের বিভিন্ন জায়গায় এসআইআর হয়েছে, কিন্তু কোথাও বিচার বিভাগীয় কর্তাদের নিয়োগ করতে হয় নি, একমাত্র পশ্চিমবঙ্গে করতে হয়েছে। মমতা দিদি এসআইআর নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে যাচ্ছিলেন। মমতা দিদিকে আমরা বলতে চাই, বাংলাদেশিরাও বাংলায় কথা বলেন, কিন্তু কোনো বাংলাদেশিকে আমরা অনুপ্রবেশ করতে দেব না। উনি বাংলাদেশিদের হয়ে কথা বলছেন। অনুপ্রবেশকারীরা ভোটাধিকার হারিয়েছে, এবার নাগরিকত্বও হারাবে।”
![]()