ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হল

ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হল

 

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত,০১/০৯/২০২৬ : ইরানে দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল কেন্দ্র। বর্তমানে ইরানে থাকা ভারতীয়দের অবিলম্বে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতীয় দূতাবাসের তরফে পরিস্থিতির উপর কড়া নজর রাখার পাশাপাশি নিরাপদ ও উপলব্ধ পরিবহণের মাধ্যমে ইরান ছাড়ার কথা বলা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে নিরাপত্তা পরিস্থিতির ওপর তারা কড়া নজর রাখছে। তেহরানে থাকা ভারতীয় দূতাবাসও নাগরিকদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে জরুরি সহায়তা দেওয়ার কাজ করছে। শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী, পর্যটক-সহ ইরানে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। এই মাসের ৫ তারিখে জারি করা একটি পূর্ব বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকদের ইরানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার জন্য অনুরোধ করেছিল। এদিকে, ইরানের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে সেখানে থাকা ভারতীয় নাগরিকদের নিয়মিত সরকারি নির্দেশিকা অনুসরণ করার আবেদন জানিয়েছে নয়াদিল্লি।
ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দূতাবাসের হেল্পলাইন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার মধ্যেই ভারতের এই নতুন সতর্কবার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Share this news article